আমি এমন কেন?
কিছুক্ষণ আগে আমার ফোনটা হাত থেকে পরে ভেংগে গেল। ভাংগা স্কিণটার দিকে তাকিয়ে থাকতে কষ্ট হচ্ছে। কান্না পাচ্ছে। কাউকে কষ্টটা বলতে ইচ্ছে হচ্ছে। কিন্তু কেউ নেই , যাকে বলতে পারব মনের দুঃখটা।
আসলে আমি যত্ন নিতে জানি না। সেটা কোন বস্তু হোক বা সম্পর্ক। মায়ের সাথে মেয়ের যে সহজ সম্পর্ক, সেটা আমার কোনদিন হয় নি। চাইলে হয়ত হতে পারত। মা কাজ নিয়ে ব্যস্ত বলে আমিও কখনও সেই নিজেকে সেই ব্যস্ততার অংশ করি নি। আজ নিজের ব্যস্ততার দোহাই দিয়ে মাসে একবার মায়ের সাথে কথা বলি।
বড় বোনদের থেকেও নিজেকে সবসময় আলাদা করে রাখতাম। একা একা খেলতাম। ওদের পছন্দ কিছু নিজের পছন্দ হলেও বলতাম উল্টোটা। আস্তে আস্তে তাদের পছন্দের উল্টোটাই আমার পছন্দ হয়ে গেল।
বন্ধু, বন্ধুত্ব আমি ভীষণ ভালবাসি। তবে কোন বন্ধুর সাথে মতের অমিল হলে সাথে সাথে আড়ি নিয়ে নিতাম। তার জন্য কষ্টও হত না। সে কথা বলতে আসলে নিষ্ঠুরভাবে তাকে অপমান করতাম। নতুন বন্ধুর সাথে বন্ধুত্ব করে নিতাম। একই ঘটনা বার বার করতাম। কাউকে আকড়ে রাখতে চাইতাম না। কেউ রাখতে চাইলে থাকতাম না।
ঠিক একই কাজ করতাম ভালবাসার মানুষদের সাথে। মানুষের দুর্বলতা নিয়ে খেলা করা এই আমি ভাল বাসিই নি কাউকে। একে একে অনেকেই এসেছে , অনেকেই চলে গেছে। কেউ মিথ্যা ভালবাসা নিয়ে , কেউ বা সত্যিই ভালবেসেছিল এই আমাকে। আমি নিষ্ঠুর ভাবে তাদের ছেড়ে এসেছি। তাদের কোন কথাই শুনি নি। অন্যরকম নিষ্ঠুর আর ভয়াবহ খেলায় আমি মেতেছিলাম। পবিত্র ভালবাসার মূল্য বুঝে এর যথাযথ যত্ন আমি নিতে পারি নি।
আজ আমি একা। গভীর রাতে কোন বন্ধু আমায় ফোন দিয়ে বলে না, "দোস্ত কয়টা বাজে" । কিংবা " একটা কবিতা লিখছি , শুনবি?" । অদ্ভুত সেই কবিতা গুলো শুনার জন্য আজ ভিতরটা হাহাকার করে উঠে। আজ আমি বিরক্তও হতে পারি না বিরক্ত করার কেউ নেই বলে।
যে ভালবাসায় একদিন চারপাশ ভর্তি ছিল, আজ অযত্নে তা শেষ হয়ে গেছে। পায়ে ঠেলে সরিয়ে দিয়েছি সবচেয়ে সুন্দর সৃষ্টি 'ভালবাসা' কে। বড্ড ইচ্ছে করে ভালবেসে কেউ হাতটা ধরুক। একটুখাণি ভালবাসার জন্য আমি চেয়ে আছি।
তবে কি লাভ। জানি, আবারও সব হারিয়ে ফেলব আমি। অযত্নে কোন কিছুই প্রাণ পায় না। আর আমি কোনদিনও কোনকিছুর যত্ন নিতে পারব না। নিজেরও না। ছুড়ির আঘাতের দাগে ভরা আমার হাতগুলো আমাকে প্রতি মুহূর্ত্বে মনে করিয়ে দেয় আমি কতটা নিষ্ঠুর।





লাভ-লোকসান এর হিসাব করে কি লাভ.....জীবনকে জীবনের মত চলতে দিন....... যখন আনন্দ আসবে তাকে স্বাগত জানান, আর যখন দুঃখ আসবে তাকে দূর করতে চেষ্টা করুন..........ভালো থাকবেন।
এতো সুন্দর করে যে লিখতে পারে তার বন্ধুর অভাব হতেই পারে না। এগিয়ে এসো, হাত বাড়াও, বন্ধু পাবে। শারমিন, তোমার জন্য শুভকামনা।
এটাই তো সমস্যা আপু, বন্ধুর অভাব আমার হয় না। কিন্তু আমি তাদের ধরে রাখতে পারি না।
এটা অাসলে ঠিক সমস্যা না। আমার কাছে এটাকে বরং পজিটিভই মনে হয়। যে বা যারা তোমার পাশে থাকতে পারলো না, তারা আসলে কখনোই সঠিক অর্থে তোমার বন্ধু ছিল না। দিনশেষে তোমার পাশে যারা থাকবে, তারাই তোমার বন্ধু।
মন্তব্য করুন