আজিরা দিনপঞ্জী... ৩
গ্রীষ্মের ইউরোপ একটা কঠিন অভিজ্ঞতা... অফিস ট্রিপে জংগলে গেলাম পরশু বিকালে... পরিচিত একজনের অনুপস্থিতি ভেবেছিলাম একটু অস্থির করবে আমাকে... কিন্তু এইবার দেখলাম আমি দিব্যি নিজের মতো থাকতে শিখে গিয়েছি... বাকি সহকর্মীদের সাথে গল্প করতে করতে বেশ সময় কেটে যাচ্ছিলো। আর এইখানকার জংলী ফুল এতো বেশি অলৌকিক লাগে দেখতে... মনে হয় রূপকথার রাজ্যে ঘোরাঘুরি করছি... এক্ষুণি হাওয়া থেকে এক পক্ষীরাজ নেমে আসবে বুঝি। আমরা তো দেশে মানুষ বাড়াতে বাড়াতে জংগলকে উচ্ছেদ করে দিয়েছি প্রায়... ছোটবেলায় যেমন যেখানে সেখানে অদ্ভুত সব ফুল, ঘাসের চাপড়া, বুনো ফলের ঝোঁপ দেখতাম... আজকাল গ্রামে গেলে কদাচিত চোখে পড়ে সেসব। আমরা সভ্য হচ্ছি কিনা... পাকা বাড়ির উঠানে তাই বাগানবিলাস শোভা পায়! বৈঁচি ঝোপ কিংবা মাধবীলতা এমনকি অনেক গ্রামেও ভীষণ সেকেলে বৈকি... যাই হোক, আমি ছোট মানুষ... এইসব ভাবের কথা আমার সাজেনা... তার উপরে নিজেই যখন পরবাসের মাটি আঁকড়ে পড়ে আছি আপাতত।
আমার বিশ্বকাপ শুরু হলো গতকাল রাতে, এর আগে দুই একটা খেলার ছিঁটেফোঁটা আর কিছু টেক্সট কমেন্ট্রি ছাড়া আর কিছু ফলো করিনি... তাই এবারের খেলার অবস্থা আমি মোটামুটি কিছুই জানিনা... আমি জানিনা কেন ... বিশ্বকাপ দেখা আমার কাছে সবসময়ে একটা ফ্যামিলি ইভেন্ট... ঢাকায় থাকতে রাত-দুপুরে ঘুম থেকে উঠে সবাই গোল হয়ে টিভির সামনে বসে মুড়িমাখা খেতে খেতে খেলা দেখা একটা অভিজ্ঞতা বটে। এবার একলা একলা তাই কিছু আর করতে ইচ্ছে হয়নি, নস্টালজিক হয়ে যাওয়ার ভয়ে চুপচাপ ঘাপটি মেরে ছিলাম। গেলো হপ্তা থেকে সামার অফিসে কাজ শুরু করেছি, সবাইকে দেখছিলাম খেলা নিয়ে উত্তেজনার সীমা-পরিসীমা নাই... কিন্তু কোন গ্রুপে ঢুকে খেলা নিয়ে কথাবার্তা আর বলা হয়নি... উইকএন্ডে এক বান্ধবীর বাসায় আড্ডা দিতে এসেছি দুইদিনের জন্য... ওর সহচর দূরের শহরে খেলতে গেছে... আমরা দুইজন মিলে তাই সারদিন গপ্পে পার করেছি... রাতে খেলা দেখলাম ঘানা আর ই্উ.এস. এর। খেলাটা যদিও অনেক সুবিধার কিছু ছিলোনা, কিন্তু আমি বিশ্বকাপের ক্রেজটা অনুভব করতে শুরু করলাম... আজকে অপেক্ষায় আছি কখন খেলাগুলো দেখবো... আর আজকের খেলা জোশিলা হবার চান্স আছে।





দেখেন দেখেন, হারজেন্টিনা হারবে আজকে... অপেক্ষায় আছি
কি বলেন এইসব? আমার জানের জান...
আজিরা দিনপঞ্জী আরেকটু রেগুলার করা যায় না?
ভাইরে চাকরি আর পড়ার ঠেলায় সময়টাই পাইনা...
ইউরোপের কোথায় থাকা হয় ?
কিছুদিন বিলাত, কিছুদিন নিশীথ সূর্যের দেশ... দুই মিলিয়েই থাকি।
মন্তব্য করুন