আজিরা দিনপঞ্জী... ১১
ভোরবেলার ছায়া ছায়া অন্ধকারে রোজ ঘুম ভেঙ্গে যায়, বিছানার পরতে পরতে আলিস্যি জড়ানো থাকে... আমার খুব ইচ্ছে করে তোমার স্বপ্নে চলে যাই... মেঘবালিকার মতো ছুঁয়ে দিই কপাল। আমি জানি এইরকম কথা আমার তোমাকে কখনো বলা হবেনা, সত্যিকারের স্বাভাবিক মানুষেরা হয়তো এইরকম কথা কখনো বলে না। আমি মাঝে মাঝে ভাবি, আমি কি আসলে স্বাভাবিক মানুষ? তোমাকে যে এরকম কিছু বলতে ইচ্ছে করে আমার তাও না। আমার ইচ্ছেগুলো খুব সাধারণ, তোমার কথা শুনবার ইচ্ছে, আমার কথা তোমাকে শোনাবার ইচ্ছে... তুমি যখন হাসো, তখন তোমাকে দেখবার ইচ্ছে। যখন তুমি চশমার ফাঁক দিয়ে ভ্রূ কুঁচকে তাকাও, তখন বলবার ইচ্ছে, ''ওহে, বুদ্ধু, কখনো সখনো তো একটু ভালো মুডে থাকো...।''
যখন তোমাকে অনেক মিস করি, মনে মনে বলি, একবার তো তুমি আমাকে মুঠোফোনে হলেও তোমার খবর পৌঁছে দিতে পারে। কিন্তু আমি জানি তুমি কক্ষণো তা করবেনা। তুমি আমাকে গত দু'বছরে একবারও কল করোনি, আমি তো না করে থাকতে পারিনা, তাই ছুতোনাতায় ডাক পাঠাই, কখনো খুশি হও, কখনো কিছুই না। আমি তবু ডাক পাঠাই বার বার। কতো শতো কথা তোমাকে বলতে ইচ্ছে করে, কিন্তু কক্ষণো বলা হয়না, তুমি শুনতে চাইবে কিনা সেই তো জানিনে মোটে... তবু বলতে ইচ্ছে করে... বুকের ভেতরে কথার ফুলঝুড়ি ছোটে, অথচ সামনে যখন থাকো তখন তোমাকে কিচ্ছুটি বলা হয়না, বয়োসন্ধিকালের কিশোরীর মতো অদ্ভুত সব লজ্জা'রা কেমন করে ঘিরে ধরে চারপাশ থেকে। আমি অবাক হয়ে ভাবতে থাকি? এও সম্ভব? বয়েস প্রায় ত্রিশের কোঠা ছুঁতে চললো... এখনো কিসের এমন লজ্জা? আর আমার অনুভবের তরংগও বড়ো বেশি উচ্চ কম্পাংকের, ভয়ে তাই তাকে আটকে রাখি প্রাণপণে। বিশ্বাস করতে কষ্ট হয় যে আমি আবার কোন একদিন তোমার সামনে বসে তোমার সাথে কথা বলবো কিনা তাও জানিনা... কিন্তু আমি অপেক্ষায় থাকবো... কারণ আমি আর কিছু পারিনা, এই অপেক্ষা করাটুকু ছাড়া।





ভয়ংকর ও অতি অদ্ভুত লেখা। ছোট্ট কিন্তু অনেকক্ষণ রেশ থেকে যায়।
যাকে বলার তাকে তো কখনো বলা হয়না।
নো বিগ ডিল সিস্। বলতে জানাটাই বড় কথা, যাকে বলার সে টাইম হৈলে দৌড়ে এসে শুনবে।
মুগ্ধ এবং মুগ্ধ হলাম।
সব কথা বলতেই বা হবে ক্যানো ?
বুঝতে পারে না, ব্যাটা আহাম্মক !
লেখাটা (মানে, না বলা কথাগুলো) অনেক সু-স্বাদু হয়েছে।
আহহারে, কেউ যদি এরাম করে বলতো ...!
মোটেই আহাম্মক না....
... বুঝে নিয্যস... কিন্তু সবার সব তরংগে মিলবে সেইটা তো হয়না।
.... ভাইবেন না, কেউ না কেউ তো বলবে।
আপনার সেই "তুমি" বড় ভাগ্যবান।
লেখাটা অদ্ভুত সুন্দর।
'তুমি' বুঝলে কাজ হইতো...
...
বাহহ। দারুণ লেখা।
মন্তব্য করুন