স্মৃতি আর বর্তমান বিষয়ক কবিতা
সেই শহরের বালুকনা
ইট-কাঠ-লাবণ্য-বিনয় কিম্বা সমর্পণ
সব আমার নিকটাত্মীয় মনে হয়।
সেইখানে যা কিছু রোপিত নিয়মের
অথবা অনিয়মের শষ্যদানা
তার বেড়ে ওঠায় দেখেছি
আবেগের প্রজাপতি খেলা করে।
সেই শহরে নৈতিকতার সীমারেখা নাই
সেই শহরে আঁধার কিম্বা আলোকের বিভাজন
নাই; যা কিছু জেনেছি ভালো, সব
সেই শহর সাজায় তার শরীরের বাঁকে।
একান্ত বাধিত বলে তোমাদের শহরে রয়েছি,
সময়ক্ষেপন করি ফিরে যাবো পুনরায়।
অন্তরাল আর অন্তরায় ভেঙে দিয়ে
তুমুল গতির ঝলকানিতে-কারসাজিতে,
এই শহরের মৃত্যু হবে এক নিমিষেই।
সেই শহরের সব আমার ভীষণ চেনা
চোখ বুজে বলে দিতে পারি
ঠিক কতোদূর গেলে মিলে যাবে
স্বপ্নের পাজল, অনৈতিক ভালোবাসা।
সেই শহরের হৃৎপিণ্ড ঠিক কতোবার টিক টিক
করে, সেই শহরের ইস্টিশানে সময়ের রেলগাড়ি
সন্ধ্যা নামবার আগেই কেমন করে
মিটারগেজ অথবা ব্রডগেজ ছেড়ে সুর্যাস্ত দেখতে
চলে যায় তার সব জানি...





কবিতা খুব সুন্দর হইসে।
ব্যাপক!
জুস
শহরে অচেনা মাছ.......
মন্তব্য করুন