দায়মুক্তি
আমি আজ দায়মুক্ত হলাম। গত দু'তিন দিন ধরে মনের মধ্যে একটা কাঁটা খচখচ করছিলো। জাহানারার কি হলো, খবর তো নিলাম না। খুব কাছের কয়েকজন বন্ধুদের জানিয়েছিলাম জাহানারার জন্য কিছু করার কথা। সবাই সাড়াও দিয়েছিলো। কিন্তু অফিস সময়ে বের হওয়াটা অনেকের জন্য সমস্যা, আমারও। দু'একজন বলেছে আমাকে দিয়ে দিতে, পরে শোধ দিয়ে দেবে। কিন্তু হায়! আমারই সময় হয়না।
যেহেতু উদ্যোগের সাথে সরাসরি যুক্ত নই তাই জানা হয়নি জাহানারা ইতোমধ্যে পৌছে গেছেন না ফেরার দেশে। এখন আর কোন বন্ধুর দু'হাজার, আরেকজনের এক হাজার, কিংবা জবরদস্তি করে আরেকজনের উপর ধার্য করা পাঁচ হাজারের আর কোন প্রয়োজন নেই। প্রয়োজন নেই কারো চাকরির বেতনটা একাউন্টে জমা হবার। যার জন্য ভেবেছি অনেক দিন সংযোগ না থাকা বন্ধুদের ফোন করে চাইবো কিছু টাকা ধার, তিনি চলে গেছেন সকল চাওয়া-পাওয়ার উর্ধ্বে।
যাই হোক, কি লাভ এসব অর্থহীন প্যাচাল পেড়ে। আমি একজন চাকরিজীবী। চাকরিটা করে যাবো নিয়মমত। সময় কাটানোর অন্য মাধ্যমগুলোতে পূর্ণ মনোযোগ দেবো আবার। মাঝে মাঝে মনের ভেতর একটু কেমন কেমন করবে। কি আর করা! মন থাকলে তো একটু কেমন কেমন তো করতেই পারে। টাইম ইজ দ্যা বেস্ট হিলার। তাই সময়ের সাথে সাথে ভুলে যাব হয়তো জাহানারার চিকিৎসার চেষ্টার কথা অন্য অনেক কিছুর মতোই।
আমি শুধু ভুলতে পারবো না অনেক আশা নিয়ে কোথাও চেয়েছিলাম একটু সাহায্য। জাহানারার জন্য। ভেবেছিলাম অন্তত কিছু হলেও আসবে। ক্যালকুলেশনে কিছু ভুল ছিলো আমার। দু'জন কমিটমেন্ট করেছিলেন, জানি না তারা কি করেছেন। কিন্তু যাদের কাছে বেশি আশা করেছিলাম তারাই নিরাশ করেছেন বেশি। আমার মনের যা কিছু বেদনা তা মনেই থেকে যাবে, মুখে উচ্চারণ করতে পারবো না কোনদিন।
এর চেয়ে বরং কাল বিকালে বেইলি রোড যাবো, সরকারী ছুটি আছে। বন্ধুরাও আসবে। সবাই মিলে আড্ডা দেবো। হয়তো কিছু খাবো। বিএফসি না কেএফসি জানি না। তবে বিল দেবার সময় হয়তো হাতটা নিজের অজান্তেই পকেটে চলে যাবে। কত আর হবে বিল? আট-নয়শ! এটা কোন ব্যাপার হল! আ-রে, সরি, ভুল হয়ে গেছে!! গত দু'বার তো আমি বিল দিয়েছি। এবার অন্য কেউ একজন দে। আমার উপর একটু বেশি লোড হয়ে যায়। বুঝিসই তো, তোদের মত আরামের/হারামের পয়সা কামাই না আমি। ঠিক আছে তো, নাকি!! আর হ্যাঁ, তাহলে ট্যুর টা তাহলে এবার ফাইনাল! বর্ষার মধ্যে কক্সবাজার যেতে ভালই লাগবে মনে হয়। অনেকদিন একসাথে ঘুরতে যাওয়া হয়না। ঢাকা থেকে বেরোতে হবে। একেবারে দম বন্ধ হয়ে আসছে। আর ভালো লাগে না।
**আজ সকালে আমরা বন্ধু ব্লগে ঢুকে মনটা একটু খারাপ হয়ে গিয়েছিলো। পরে অফিসে কাজও ছিলো, তাই ভাবার চেষ্টা করিনি তেমন। এখন সন্ধ্যায় যখন বিদ্যুৎ নেই, তখন ভাবলাম কিছু লিখি। নিজের দায়মুক্তির জন্য কিছু লেখা উচিত, অবচেতন মনের এই ভাবনা থেকে হয়তো লেখাটার জন্ম।





হুমম ... সেই নগরজীবন, সিটি অফ জয়!
জীবন বড় কঠিন হয়ে যাচ্ছে আমাদের।
আমার কাছে দুই হাজার টাকা তোলা ছিল। টুটুল ভাইয়ের হাতে পৌছে দিতেই পারলাম না।
খুব খারাপ লাগছে।
হুমমম। কিছু বলার নেই। কাল মৃত্যসংবাদ শুনে হাসপাতালে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে চলে আসলাম। কিছু করার নেই যে!তাঁর আত্নার শান্তি হোক।
আজ বিকালে বন্ধুদের সঙ্গে দেখা হয়েছিল। একজন টাকা নিয়ে এসেছিলো দেবে বলে। না করে দিলাম।
কক্সবাজার ট্যুরটা বাতিল হয়ে গেলো।
এই পোস্টটা ... নিজের পাতায় রাখলাম
http://www.amrabondhu.com/tutul/1827
ক্যামন আছেন? অনেক দিন কোন খবর নাই... ব্লগেও তো দেখি না
ধন্যবাদ। ভালো আছি। আমি মাঝে মাঝে আসি। না পড়েই ঘুরে চলে যাই।
একটু ব্যস্ততা ছিল। একটু মন খারাপও হয়তো। মেসবাহ ভাইয়ের পোস্টটা ড্রাফট হয়ে যাবার পর নিজেকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করেছি, জবাব নিজের কাছেই ঋণাত্মক মনে হয়েছিল।
যাই হোক নিয়মিত হবার আশা রাখি। বেশির ভাগ ব্লগই ঘুরে দেখলাম, এবির মতো লাগে নাই কোনটা।
ভালো থাকবেন। ভাতিজাকে আদর।

সরি ভাইজান ... আমি ভুল লিংক দিয়েছিলাম
... এইটা ক্যাম্নে হইলো বুঝলাম না
... আসলে যেই লিংকটা দিতে চেয়েছিলাম সেটা হলো... জাহানারার তহবিলের পূর্ণ হিসাব
এইটা একটু চোখ বুলাইয়েন ...
আরে এবি'তো আপনার ব্লগ... সো নিজের জিনিষের উপ্রে কিছু নাই

আম্রা আম্রাই
ক্যামন আছেন?
ভাতিঝা আল্লাহর রহমতে ভাল আছে
ভাল থাইকেন
মন্তব্য করুন