ইউজার লগইন

কালও কি তুমি আমায় ভালবাসবে?

একবার এক ময়ূরের রাজ্যে হারিয়ে গিয়েছিলাম। সেখানে চোখ খুললে কিছু দেখা যায় না, চোখ বন্ধ করলে সব পরিস্কার। কান পাতলে শুনতে পাই হাহাকার, আর মনোযোগ অন্যত্র সরিয়ে নিলে পরিস্কার শোনা যায় ঝর্ণার কুল কুল ধ্বনি।

হঠাৎ কোত্থেকে যেন একটা কাঠবিড়ালী লাফিয়ে আমার কোলে এসে পড়েছিল। আদর করে তার মাথায় হাত বুলিয়ে দিতেই, সে রাজকুমারী এরিয়েলের কণ্ঠে কথা বলে উঠলো। আমি চমকে চোখ খুলে দেখি এক অর্ধনগ্না, বিশালবক্ষা, মধ্যবয়সী; আমায় ব্রার্টভার্স্টের সসেজ ভেবে খুব করে মায়োনিজ আর ক্যাচাপ মাখাচ্ছে। আরেকটু হলেই হজম হয়ে যেতাম আর কি!

ভাগ্যটা ভাল থাকায় আরও একবার সুখ পাহাড় আর দুখ পাহাড়ের সেই "লিজেন্ড" উপভোগের জন্য একটা এক্সট্রা লাইফ বোনাস পেয়েছি। তবে তারপর থেকে নীল রক্তই শুধু ক্ষরণ হয় হৃদয় থেকে। আর ভালবাসা ভরে থাকে কোনো এক হারিয়ে যাওয়া বেলুনের ঢাউস পেটে।

নীল জলের প্রথম পরতে ভেসে থাকা জেলি ফিশদের দেখতে দেখতে "লিটল প্রিন্সের" মাথায় ভাবনা এসেছিল- সে যদি কখনও জাহাজ থেকে সাগরে পরে যায় তাহলে তার মৃত্যু কিভাবে হবে? পানিতে ডুবে, নাকি জেলি ফিশের বিষাক্ত ছোঁয়ায়? উত্তরে জনাব "এভিয়েটর" তাকে একটা ছোট্ট ছবি এঁকে দিয়েছিল। সেটার দিকে তাকিয়ে লিটল প্রিন্স যা ভাবতে চাইতো, তাই ভাবতে পারতো। সে ভেবে ভেবে বের করেছিল, সাগরে পরে গেলে তার মৃত্যু হবে না, রূপান্তর হবে। সেও ওই জেলি ফিশদের একজন হয়ে, মনুষ্যজন্মের অভিশাপ থেকে মুক্ত হবে।

তারপর সে বসফরাসের নীল জল দেখে মুগ্ধ হতে আসা ট্যূরিস্টদেরকে অনন্তকাল ধরে সাগরে ঝাপ দেয়ার জন্য আহ্বান জানাতে থাকবে। মানব জাতিকে অভিশাপ মুক্ত করার ওই একটা উপায়ই তো এখনও বাকি আছে।

এমি ওয়াইনহাউজের একটা গান কভার করেছে। গানের নাম: Will you still love me tomorrow? গানটা একটানা শুনতে থাকলে, কিছুক্ষণের মধ্যেই মাথার প্রত্যেকটা নিউরণ এক উত্তাল প্রশ্নসাগরে হাবুডুবু খেতে শুরু করে।

আর প্রশ্নগুলোও যে কি অদ্ভুত! রাণী হেরার প্রিয় পাখি ময়ূরের লেজে কেন আঁকা আছে অসংখ্য চোখ? রাজকুমারী লো কি সত্যি কখনও প্রকৃত ভালবাসার স্বাদ পেয়েছিল? কে আমায় ইস্তান্বুলে এক মায়াবীরঙা আনন্দঘন সন্ধ্যালগ্নে আমন্ত্রণ জানিয়েছিল? এত এত প্রশ্নের ভিড়ে এক সময় হারিয়ে যায় গানটির আমার করা একটা অক্ষম অনুবাদ।

তারপর একসময় আস্তে আস্তে দু'চোখের পাতা ভারী হয়ে আসে। বুকের পাঁজরে খুব যত্ন করে এক সময় ছোট্ট যে দো'ফলা চাকুটা তুমি ঢুকিয়ে দিয়েছিলে, সেটা থেকে ফোঁটায় ফোঁটায় রক্ত ঝরে।

সে সময়টায় আমি দেয়ালে দেয়ালে চিকা মেরে যাই, আর কিছু না হলেও অন্তত অনুবাদটুকু যেন কিছুদিন টিকে থাকে। তোমায় আমার বাস্তব পৃথিবীটায় পাই নি তো কি হয়েছে? কল্পনার পৃথিবীটায় তো পেয়েছি। এরচেয়ে বেশি চাই-বা কি আর!

"আজ তুমি আমার, তাই আমায় ভালবাসায় ভরিয়ে দিয়েছো
আজ তোমার দু'চোখ ভরে আছে ভালবাসায়, কিন্তু কাল?
কালও কি তুমি আমায় ভালবাসবে বলে ভেবেছো?
এটা কি সত্যিই এক অমূল্য ধন, নাকি মুহূর্তের আনন্দ মন্থন?
আমি কি তোমার জাদুকরী দীর্ঘশ্বাসে বিশ্বাস করতে পারি প্রিয়তমা,
বলো, কালও কি তুমি আমায় ঠিক এভাবেই ভালবাসবে?
আজ অনেক না বলা কথাও পড়ে নিচ্ছে হৃদয় অনায়াসে
কারণ এখন যে আমি বসে আছি তোমার মনের সিংহাসনে
কাল কি হবে, বলো; কালও কি তুমি আমায় একইভাবে ভালবাসবে?
তুমি কি শুধুই আমার? ওই হৃদয়ের সব ভালবাসা কি শুধুই আমার জন্য?
উত্তরটা জরুরি, কারণ আমি চাই না, আর কাউকে কখনও প্রশ্নটা করতে।
বলো প্রিয়তমা, কি ভাবছো তুমি, কালও কি আমায় ভালবাসবে?"

---

মীর রাকীব-উন-নবী
ইলমিনাউ, ২৫ মার্চ, ২০১৬ ইং
মূল গানের লিংক: https://youtu.be/O0jYMMTb0XU

পোস্টটি ১৮ জন ব্লগার পছন্দ করেছেন

বিষণ্ণ বাউন্ডুলে's picture


১/২ - আল্লাহ বাঁচাইছে

ইশ, আমিও যদি কোন একদিন এমন সুন্দর করে কিছু একটা লিখতে পারতাম!

৩ - শুনিনাই।

৪ - টু গুড, ভাল্লাগছে অনেক
Smile

মীর's picture


হাহাহ, ভাল্লাগলো অনেক, জেনেশুনে Smile

তখন একদম আনকোরা একটা ভার্সন দিয়ে দিয়েছিলাম, এখন একটু ঠিকঠাক করা হয়েছে Wink

শারমিন's picture


কিভাবে যে মীর এত গুছিয়ে লেখে ? পড়তেই ইচ্ছা করে।

মীর's picture


হিহি জেনে ভাল্লাগলো অনেক। তবে তোমার লেখাও অনেক ভাল হয় শারমিন। ডোন্ট ওরি কোক

নিয়োনেট's picture


https://www.youtube.com/watch?v=cnPlJxet_ac এইটাই মনে হয় আসল গানটা। অনুবাদ দারুণ হয়েছে। আর লেখাও।

ছোট রাজপুত্র বইটা আমি পড়িনি। ফ্রান্সের জুপেরির লেখা না?

মীর's picture


ধইন্যা পাতা

বইটা দুপেরির লেখা, বিষণ্ন বাউন্ডুলের পোস্টটা পড়লে আরেকটু বেশি জানতে পারবি। বইটা পড়ে ফ্যাল, সিনেমাটাও দেখে ফ্যাল। সুখ পাবি।

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

মীর's picture

নিজের সম্পর্কে

স্বাগতম। আমার নাম মীর রাকীব-উন-নবী। জীবিকার তাগিদে পরবাসী। মাঝে মাঝে টুকটাক গল্প-কবিতা-আত্মজীবনী ইত্যাদি লিখি। সেসব প্রধানত এই ব্লগেই প্রকাশ করে থাকি। এই ব্লগে আমার সব লেখার কপিরাইট আমার নিজেরই। অনুগ্রহ করে সূ্ত্র উল্লেখ না করে লেখাগুলো কেউ ব্যবহার করবেন না। যেকোন যোগাযোগের জন্য ই-মেইল করুন: bd.mir13@gmail.com.
ধন্যবাদ। হ্যাপি রিডিং!